জলঢাকায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

News Image

দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুর, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি বলেন, “দুর্নীতি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার পথে অগ্রসর হতে হবে।” তিনি আরও বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আজিজার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ব্যক্তিগত সততা ও সামাজিক মূল্যবোধের চর্চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রধান ভিত্তি।” বক্তারা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নৈতিক জাগরণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

Comments

No comments yet. Be the first to comment!

logo